
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে বেড়েছে চুরির উপদ্রব। এবার দুর্বৃত্তদের নিশানায় পরিণত হয়েছে ধর্মীয় উপাসনালয়। মাত্র এক রাতের ব্যবধানে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চুরির পাশাপাশি মন্দিরের আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে চোরেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত গভীর রাতে নোয়াজিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল ডাক্তারের বাড়ি ও রবীন্দ্র ডাক্তার বাড়ির পারিবারিক মন্দিরে হানা দেয় চোরের দল। তারা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান সামগ্রী লুট করে।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে, ৪টি পবিত্র ঘট ও ঘটে থাকা স্বর্ণালঙ্কার, ২টি পিতলের মূর্তি ও কাসা-ঘন্টা, পিতলের থালা, শাড়ি এবং দানবক্সের নগদ টাকা।
ভুক্তভোগীদের দাবি, এই দুটি মন্দির থেকে প্রায় ৬০-৭০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।
একই রাতে চোরেরা ওই এলাকার প্রস্তাবিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরেও হানা দেয়। সেখানে তালা ভেঙে ৩টি পিতলের ঘট ও দানবাক্সের টাকা নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৫-৬ হাজার টাকা।
এর আগে গত শনিবার রাতেও একই ইউনিয়নের শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বড় পিতলের ঘটসহ প্রায় ১০ হাজার টাকার সামগ্রী চুরি হয়। পরপর কয়েকদিনের ব্যবধানে তিনটি মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সুজন রায় ও তপন কুমার বলেন, “আমাদের এলাকায় এভাবে একের পর এক মন্দিরে চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ওসির সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না। অসুস্থ থাকার কারণে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি। তবে স্থানীয়রা জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

