
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ ২৯ ডিসেম্বর (সোমবার) উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু।
বিকেল আড়াইটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহজাহান মঞ্জু বলেন, “রাউজানে আজ পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আমি মহান আল্লাহর ওপর ভরসা করে জনগণের খেদমত করার উদ্দেশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছি। আল্লাহ তায়ালা ন্যায়ের বিচারক, তাঁর উছিলায় আমি এলাকায় সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও যোগ করেন, “আমি নির্বাচিত হলে একটি সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন রাউজান উপজেলা বিনির্মাণে কাজ করে যাব। রাউজানের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা আমার পাথেয়।”
উল্লেখ্য যে, আজ রাউজান আসনে বিএনপি মনোনীত দুইজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৫ জন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ১২ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে শাহজাহান মঞ্জুর মনোনয়নপত্র জমা দান স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতে ইসলামী ও জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

