
নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম):
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানে শুরু হচ্ছে এক বিশাল মানবিক কর্মযজ্ঞ। বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৩০ হাজার অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে পুরো মাসের খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে টানা ১০ দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
শুক্রবার সকাল ৬টায় নোয়াপাড়া ইউনিয়নের ইউনুচ কোম্পানীর বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জসিম উদ্দিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব জসিম উদ্দিনের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ রফিক। এ সময় ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও জসিম উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
বিশাল এই কর্মযজ্ঞ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গত ৬ মাস ধরে প্রস্তুতি নিয়েছে ফাউন্ডেশনটি। রাউজানের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রকৃত দুস্থ ও অসচ্ছল পরিবারগুলোকে শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। উপকারভোগীদের ইতোমধ্যে দেওয়া হয়েছে বিশেষ ‘ডিজিটাল কার্ড’। বিতরণ কেন্দ্রে স্থাপিত বুথের মাধ্যমে কার্ডটি স্ক্যান করে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।
প্রতিটি পরিবারকে পুরো রমজান মাসের উপযোগী ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছে: ১ বস্তা চাল, ১ বস্তা আলু, ছোলা, ডাল, তেল, চিনি, সেমাই, চিড়া ও মুড়ি।
ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, প্রতিদিন ৩ হাজার করে মোট ১০ দিনে ৩০ হাজার পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হবে। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কিছু নিয়মাবলী বাধ্যতামূলক করা হয়েছে, প্রত্যেক গ্রহিতাকে অবশ্যই কার্ডে উল্লিখিত নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। অন্য তারিখে এলে তা গ্রহণযোগ্য হবে না। বিতরণ কেন্দ্রে ডিজিটাল কার্ডের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (NID) সাথে আনতে হবে। খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা (গাড়ি) সুবিধাভোগীদের নিজ উদ্যোগেই করতে হবে।
উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে রাউজানের মানুষের সেবায় এই কার্যক্রম চালিয়ে আসছেন। এবারের এই বিশাল আয়োজনটি সফল করতে ১০০-এর অধিক স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করছেন। ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সকলের ধৈর্য ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

