
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর প্রি-ক্যাডেট স্কুল ও নুরুল আলম চৌধুরী নূরানী শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বয়স্কদের জন্য আয়োজিত ‘২০ দিনে বিনামূল্যে কোরআন শিক্ষা’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও পবিত্র রমজান মাসের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাউজান সরকারি কলেজের পেশ ইমাম কারী মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসে কোরআন চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বয়স্কদের জন্য স্বল্প সময়ে কোরআন শেখার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. লুলু ওয়াল মারজান, অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাহফুজুল আলম, প্রভাষক, রাউজান সরকারি কলেজ, তৈয়ব চৌধুরী, সাবেক সভাপতি, রাউজান প্রেসক্লাব।
অনুষ্ঠানে নূরানী পদ্ধতিতে ২০ দিনের এই কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে নিয়মিত হাজিরা এবং কোর্স সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

