
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে র্যাব-৭ ও সিপিসি-২ এর এক বিশেষ যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোমরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, কদলপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও সিপিসি-২ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি শপিং ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঝোপের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার এবং দুই রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের এস আই মোহাম্মদ মাঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পলাতক সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

