
নিজস্ব প্রতিবেদকঃ
ছুটির বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে। আনন্দ-উচ্ছ্বাস শেষে একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল সবার। কিন্তু পথের এক মুহূর্তের নিয়ন্ত্রণহীনতা কেড়ে নিল দুই তরুন বন্ধুর তাজা প্রাণ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা-বাগান এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা।
নিহতরা হলেন রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের বাসিন্দা ও হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬), যিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ মে) বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে চড়ে হাজারীখীল অভয়ারণ্যে বেড়াতে যান। সন্ধ্যা নামার পর তাঁরা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাঙাপানি চা-বাগান এলাকায় পৌঁছালে গতিশীল মোটরসাইকেলটি সামনে থাকা একটি গাড়ি ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে রক্তাক্ত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি (নাজিরহাট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া অপর আরোহী বন্ধুকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে চোখের পলকে দুই তরুণের এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁদের পরিবার ও প্রতিবেশীরা। বিশেষ করে পরিবারের একমাত্র প্রদীপ সীমান্তকে হারিয়ে মা-বাবার বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

