
সম্প্রতি বাংলাদেশ বেতার চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শাহীন আকতার মহোদয় ও উপ-আঞ্চলিক পরিচালক তাব্বাসুম হক এর হাতে ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন এর কর্মকর্তারা ওস্তাদজীর এই দুর্লভ ছবি তুলে দেন ।
ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ছবি গ্রহন করায় আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক পরিচালকের প্রতি অমিতাভ পায়রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।

সংগীতে নিবেদিত প্রাণ নিভৃতচারী সঙ্গীতজ্ঞ ওস্তাদ অমিতাভ বড়ুয়া’র জন্ম ১৯২৬ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামে। বাবা হলধর বড়ুয়া ও মা বঙ্গবালা বড়ুয়া’র দুই সন্তানের মধ্যে বড় সন্তান ওস্তাদ অমিতাভ বড়ুয়া এবং তার একমাত্র ছোট বোন দীপ্তি বড়ুয়া।
মহামুনি পাহাড়তলীর সাংস্কৃতিক ঐতিহ্য তাঁকে সংগীত সাধনায় প্রেরণা যুগিয়েছে। একই গ্রামের কৃতিপুরুষ সংগীত সাধক মোহনচন্দ্র বড়ুয়া ও জেঠামশাই মুনিন্দ্রলাল বড়ুয়া’র কাছ থেকে তিনি প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে অনুপ্রাণিত হয়েছেন।
উচ্চাঙ্গ সঙ্গীতে তাঁর গুরু ছিলেন ওস্তাদ মকসুদ আলী খান, ওস্তাদ ফজলুল হক।
ওস্তাদ অমিতাভ বড়ুয়া সঙ্গীত শিক্ষক হিসেবে “প্রাচ্য ছন্দগীতিকা” এবং “শ্বাশত ললিতকলা একাডেমি”-তে দীর্ঘদিন যাবত নিযুক্ত ছিলেন। অধ্যক্ষ হিসেবে প্রথমে “সঙ্গীত পরিষদ” এবং আমৃত্যু ওস্তাদ নীরদবরণ বড়ুয়া প্রতিষ্ঠিত “সুরসপ্তক সংগীত বিদ্যাপীঠ”-এ অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেন। উচাঙ্গ সঙ্গীত ছাড়াও তিনি আঞ্চলিক, লোকগীতি ও আধুনিক গানের শিল্পী হিসেবে একসময় বেশ জনপ্রিয় ছিলেন।
চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রেও তিনি বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাঁর লেখা চট্টগ্রামের আঞ্চলিক গান “গুরা বউ সইন্ধ্যাকালে চেরাগ দিতো গেইল” শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তাছাড়া তিনি ঐ সময় জাতীয় গণমাধ্যম বেতার ও টেলিভিশনের বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তার শিষ্যদের মধ্যে দিলারা আলো, আরেফিন হক আলো, কল্যানী ঘোষ, মিনতি পাল, মানস পাল চৌধুরী, সুলতানা শারমিন, পাপিয়া আহমেদ প্রমুখের নাম উল্লেখযোগ্য।মহুয়া ছদ্মনামে তিনি একসময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর গল্প, কবিতা, নিবন্ধ, প্রবন্ধ লিখেছেন। “প্রভাতী” “বহ্নিশিখা” শিরোনামে দুটো কাব্যগ্রন্থ, “গীতিশতক” নামে একটি গানের সংকলন, ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার পিতা মোহনচন্দ্র বড়ুয়া’র জীবনীগ্রন্থ “জ্ঞানতাপস” প্রভৃতি তাঁর উল্ল্যেখযোগ্য গ্রন্থ। এছাড়া “গল্প তেরশ সাতাত্তর” “পাথেয়” ও “ঝরাফুল” নামে উপন্যাসগুলো বিভিন্ন দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
এশিয়া মহাদেশের প্রথম “ডি-লিট” প্রাপ্ত বেণীমাধব বড়ুয়া’র নাতনী, রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক গ্রামের শিক্ষক, চিকিৎক ও তৎকালীন মেম্বার বাবু সুনিল কান্তি বড়ুয়া ও সুগৃহিনী আশালতা বড়ুয়ার কন্যা সবিতা বড়ুয়া পায়রা-এর সাথে ওস্তাদ অমিতাভ বড়ুয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাঁর পুত্র-কন্যারা সবাই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ওস্তাদ অমিতাভ বড়ুয়ার এক সন্তান ফ্রান্স প্রবাসী অনুভব বড়ুয়া ইউনেস্কোর তালিকাভুক্ত তবলা শিল্পী,মেয়ে পাপিয়া বড়ুয়া বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্র সংগীত শিল্পী।

