
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণেই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। জনস্বার্থে দুর্নীতির চিত্র তুলে ধরা কোনো অপরাধ হতে পারে না। একজন পেশাদার সংবাদকর্মীকে এভাবে গ্রেফতারের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের সরাসরি শামিল। অবিলম্বে দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে সাংবাদিক শফিকের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যেন হয়রানি, ভীতি প্রদর্শন বা উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীনের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় এবং সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ, মো. খোকন, সাহেদুর রহমান মোরশেদ, রকিব উদ্দীন আবির, নাসির উদ্দীন লিটন ও মো. গিয়াস উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পেশাগত সংহতি জানিয়ে মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন সাংবাদিক ইয়াসমিন, দৈনিক সবুজ বাংলাদেশ-এর চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, শাহেদুল ইসলাম সাগর, মো. আব্বাস এবং আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাধারণ নাগরিকরা।

