
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ অক্টোবর রাত ৯টা ২০ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতার বাদশা উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুন পাড়ার মিয়া মেম্বারের বাড়ির মৃত রাজা মিয়া ও জরিনা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, রাউজান থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমিনের নেতৃত্বে একটি দল জরুরকুল এলাকায় চেকপোস্ট ডিউটি করছিল। গোপন সংবাদে তারা জানতে পারে, ছত্রপাড়া থেকে ডাবুয়া হিংগলাগামী পাকা সড়কে এক ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করছেন। অভিযান চালিয়ে বাদশাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ইংরেজিতে ‘Made In USA’ লেখা একটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রাত ৯টা ৩৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিন বাদী হয়ে রাউজান থানায় মামলা (নম্বর-১৮, তারিখ ৩১ অক্টোবর) করেছেন। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম-এর নির্দেশনা ও থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি হয়।
ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার বাদশাকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

