
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র চার মাস চার দিনের মাথায় রিমা দে (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী অয়ন দে (২৬) পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত রিমা ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দের মেয়ে। চার মাস চার দিন আগে সুলতানপুর গ্রামের অশোক খাস্তগীরের ছেলে অয়ন দের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
রিমার মা প্রভা রাণী দে অভিযোগ করেন, শনিবার বিকেল ৩টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, সিঁড়ি থেকে পড়ে রিমা আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও রিমার সন্ধান পাননি। পরে শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা মেয়ের মরদেহ দেখতে পান। তখন শ্বশুরবাড়ির লোকজন রিমা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন। তবে রিমার মায়ের অভিযোগ, তাঁর মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং নির্যাতনের পর বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা বলেন, নববধূর এই মৃত্যুকে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আকস্মিক এই নববধূর মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

