
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মাস আগে তাঁরা প্রবাস থেকে দেশে ফিরেছিলেন এবং দুজনের বয়সের ব্যবধান ছিল চার বছর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুষার ও ইরাত মোটরসাইকেলে চড়ে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারী সদরের উদ্দেশ্যে রওনা হন। চারিয়া মুছার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাজিরহাটমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে দুই মোটরসাইকেলের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ইরাতের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চমেক হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, এই মর্মান্তিক ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী ফাহিম (১৯) নামের হাটহাজারীর এক যুবকও আহত হয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

