
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ফার্নিচার ব্যবসায়ী মো. আবছার (৪০)। স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। বাড়িতে হামলার মাস না পেরোতেই এবার দোকানে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারসংলগ্ন দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আবছার ওই এলাকার শাহাবুদ্দিন চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আবছার নিজের ফার্নিচারের দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন অস্ত্রধারী যুবক সেখানে আসে। তারা আবছারকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, হামলাকারীরা শটগানে দুই রাউন্ড ও নাইন এমএম পিস্তলে দুই রাউন্ড গুলি চালায়। এতে আবছারের হাতে দুটি ও উরুতে একটি গুলি লাগে। গুলির ছররায় তার বুকেও আঘাত লাগে।
গুলির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত সেপ্টেম্বরেও আবছারের বাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। সেবার তিনি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। পরপর দুটি হামলায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, “আবছার আমাদের সাপোর্ট দিত। হয়তো সে কারণেই এ ঘটনা ঘটতে পারে।” তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। থানায় অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

