
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্বজনদের ধারণা, শিশুটিকে ছোবল দিয়েছিল একটি পদ্মগোখরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার বাসিন্দা প্রবাসী ওসমান আলীর ছেলে আবদুল্লাহ। রোববার রাত ৮টার পর বাড়ির মাটির গুদামঘরে খেলাধুলা করছিল সে। হঠাৎ শিশুটি তীব্র কান্না শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে ব্যাঙের কামড় হতে পারে ভেবেছিলেন। কিছুক্ষণ পর শরীর পরীক্ষা করে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান তাঁরা।
শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, ছেলের চিৎকার শুনে ছুটে গিয়ে তিনি একটি সাপকে সরে যেতে দেখেন। পরে সন্তানকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন। তাঁর ভাষ্য, হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে তিনি সাপটিকে পদ্মগোখরা হিসেবে শনাক্ত করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অ্যান্টিভেনম দেওয়ার পরও ছেলেকে বাঁচানো গেল না।
শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা দাশ বলেন, রাত পৌনে ১০টার দিকে সাপে কাটা শিশুটিকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। তাঁর ধারণা, শিশুটিকে কামড় দেওয়া সাপটি ছিল পদ্মগোখরা।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

