নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে ইটবাহী জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাবেদ আলম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার এয়াছিন্নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ আলম হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছালেহ আহমদ তালুকদার বাড়ির কুয়েত প্রবাসী আহমদ হোসেনের ছেলে। তিনি মো. জাহেদের ছোট ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাবেদ মোটরসাইকেলে আমির হাট থেকে এয়াছিনশাহ সড়ক হয়ে সেবা কোলার দিকে যাচ্ছিলেন। এয়াছিন্নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী জিপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক জিপটি আটক করেছে।