নিজস্ব প্রতিবেদক:
নতুন নাতনিকে দেখার আনন্দ নিয়ে হাসপাতালে এসেছিলেন সেনোয়ারা বেগম (৫০)। কিন্তু বিধাতা তাকে সেই সুখ বেশিক্ষণ সইতে দিলেন না। রাউজানের নোয়াপাড়া পথেরহাটে দ্রুতগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। শনিবার ( ৩রা জানুয়ারি) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত সেনোয়ারা বেগম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খরুলিয়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী। গত ২৮ ডিসেম্বর নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে তার মেয়ে এক কন্যাসন্তান প্রসব করেন। নাতনি ও অসুস্থ মেয়ের সেবা করতে তিনি হাসপাতালেই অবস্থান করছিলেন।
শনিবার সকালে মেয়ের জন্য নাস্তা আনতে সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, সড়ক প্রশস্ত হওয়ার পর থেকে চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার ফলে প্রায়ই প্রাণহানি ঘটছে। ঘাতক সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।