
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোহাম্মদ সাহাবু (৬০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলমপতি খাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা। দণ্ডপ্রাপ্ত সাহাবু ওই এলাকার মুহাম্মদ ইসলাম মিস্ত্রির ছেলে।
জানা গেছে, সাহাবু কলমপতি খালের মাটি কেটে এবং পানির প্রবাহ বন্ধ করে অবৈধভাবে স্থায়ী কাঠামো নির্মাণ করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে এর প্রমাণ পায় প্রশাসন। পরে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে এই সাজা প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা জানান, সরকারি সম্পদ রক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

