
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
বক্তারা বলেছেন, “ছাত্রছাত্রীরা আগামী দিনের স্বপ্নবাহক, আর সেই স্বপ্নকে সঠিক পথে রূপ দেওয়ার মূল চাবিকাঠি হলো শিক্ষক-শিক্ষিকা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ, সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে অপরিহার্য, আজকের এই প্রাণবন্ত আয়োজন তারই বাস্তব প্রতিফলন। খেলাধুলা আমাদের নিয়ম মেনে চলা, সময়ের মূল্য দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে।
গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ‘ভাব বাংলাদেশ’ কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনফো বাংলার সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন।
বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্ত।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমী মুৎসুদ্দী, সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া শপথ পাঠ করান শিক্ষিকা নিলীমা ভট্টাচার্য।

