
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিআরএ নেতৃবৃন্দ বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। বাঙালি জাতির ইতিহাসে ভাষা শহীদদের এই ত্যাগ চিরভাস্বর হয়ে থাকবে।” বক্তারা আরও উল্লেখ করেন যে, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর সঠিক প্রসারে সাংবাদিক সমাজ সবসময় অতন্দ্র প্রহরীর মতো সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের,
সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ, সদস্যবৃন্দ: রতন বড়ুয়া, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন ও মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যগণ।

