
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের রাউজানে থামছেই না হত্যাকাণ্ডের মিছিল। এবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে মুহাম্মদ আবদুল মজিদ (৫০) নামে এক যুবদল কর্মীকে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের পরবর্তী সময়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত মজিদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে এবং পেশায় একজন ঘটক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতার শেষ করে বাড়ি থেকে মাত্র ৫- ৬শত ফুট দূরে অলিমিয়াহাট বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আবদুল মজিদ। এসময় মোটরসাইকেলে আসা ৩-৪ জনের একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. টিবলু কান্তি দে এবং ডা. মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের চোখের উপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, নিহত মজিদ সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলার কারণে তিনি এলাকাছাড়া থাকলেও সরকার পরিবর্তনের পর এলাকায় ফেরেন।

তার স্ত্রী শাহনাজ বেগম জানান, এর আগেও মজিদের ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল, তবে সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন।
অন্যদিকে, পুলিশের প্রাথমিক ধারণা ভিন্ন। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, গত দুদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তির সাথে একটি বিষয় নিয়ে মজিদের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কি হয়, যার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রাউজানে আইনশৃঙ্খলার চরম অবনতিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি একই বাজারের অদূরে যুবদল নেতা জানে আলমকে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত রাউজানে ২০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।