
নেজাম উদ্দিন রানা :
চট্টগ্রামের রাউজানে পবিত্র শোহাদায়ে বদর দিবস স্মরণ, মাহে রমজানের গুরুত্ব এবং অসহায় পরিবারের মাঝে কর্মসংস্থান সামগ্রী বিতরণ উপলক্ষে এক বিশাল দাওয়াতে খায়র মজলিশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ রমজান) পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সী পাড়াস্থ খানকা-এ কাদেরীয়া সিরিকোটিয়া প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও জাফর স্টিল ট্রাস্টের স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ জাফর-এর অর্থায়নে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ বদুমুন্সী পাড়া শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে বারভী শরীফ ও মিলাদ মাহফিল।
গাউসিয়া কমিটি বদুমুন্সী পাড়া শাখার সভাপতি মীর আবু মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম কোম্পানির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রঘোনা তৈয়বীয়া ওয়াদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সৈয়দ শওকত হোসাইন রেজভী বলেন, “সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে আলহাজ্ব মোহাম্মদ জাফর যে মহতি উদ্যোগ নিয়েছেন, তা এক অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে আমাদের সমাজ সত্যিকার অর্থেই সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলী, গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জাহেদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম চৌধুরী এবং নির্বাহী সদস্য মোহাম্মদ ওমর ফারুক।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম। খতমে বারভী শরীফ পরিচালনা করেন হাফেজ মাওলানা উসমান হারুনী এবং সালামি পেশ করেন মাওলানা মোহাম্মদ হামিদ হাছান আহমদী।
আলোচনা সভা শেষে জাফর স্টিল ট্রাস্টের পক্ষ থেকে এলাকার আর্থিক অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার লক্ষে ৩টি অটোরিকশা, ১৫টি সেলাই মেশিন এবং ১৫ বস্তা চাল বিতরণ করা হয়। পরিশেষে ইফতার ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

