
নিজস্ব প্রতিবেদক : “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন দীপ্ত ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মিরসরাই উপজেলায় নিরলসভাবে মানবসেবায় কাজ করে আসছে। বিশেষ করে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। এরই ধারাবাহিকতায় সংগঠনের কার্যকরী পরিষদের সাবেক ও বর্তমান সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় এবছরও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
এবারের কর্মসূচির আওতায় এলাকার মোট ১০টি অসচ্ছল পরিবারের মাঝে পূর্ণাঙ্গ ঈদ প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি সেমাই, ১ প্যাকেট নুডলস, ২ প্যাকেট হালিম মিক্স, ১ প্যাকেট ফিরনি মিক্স, ১ লিটার সয়াবিন তেল, ২৫০ গ্রাম গুঁড়া দুধ এবং নারিকেলসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নিতে এই বিশেষ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা ও স্বাস্থ্যখাতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে দীপ্ত ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ। এলাকাভিত্তিক এ মানবিক কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

