
॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার জীতেন বড়ুয়াকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ তাঁকে আটক করে। আজ শুক্রবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এই গ্রেপ্তারের ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একের পর এক হয়রানিমূলক মামলায় সাংবাদিকদের জড়ানো হচ্ছে। বর্তমানে জেলার অন্তত আধা ডজন সাংবাদিক মামলার চাপে রয়েছেন এবং অনেকেই গ্রেপ্তার ও হামলার ভয়ে আত্মগোপনে চলে গেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু সাংবাদিকদের জানান, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা (জিআর) রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে।
তবে জীতেন বড়ুয়ার স্বজন ও সহকর্মীদের দাবি, তাঁর বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার বেশিরভাগই কয়েক বছর আগের পুরনো রাজনৈতিক সংঘর্ষ সংক্রান্ত। একটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকেও একইভাবে গ্রেপ্তার করে সাড়ে নয় মাস কারাগারে রাখা হয়েছিল। স্থানীয় সাংবাদিকদের মতে, উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ছাড়া জেলায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

সাংবাদিক জীতেন বড়ুয়াকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে বেশ কিছু দেশি-বিদেশি সংগঠন। তারা এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক ইন্ধনে খাগড়াছড়ি ও দেশব্যাপী পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
প্রতিবাদ জানানো সংগঠনগুলো হলো, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে), দক্ষিণ এশিয়া সাংবাদিক ফেডারেশন ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ)। বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামাল এক বিবৃতিতে বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেক সাংবাদিকের বিরুদ্ধে এক ডজন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

