
সাহেদুর রহমান মোরশেদ :
সারাদেশের ন্যায় চট্টগ্রামের রাউজানেও আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ইদুল আজহা উদযাপিত হচ্ছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন উপজেলার সর্বস্তরের মুসলিম সম্প্রদায়।
আজ সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাউজান উপজেলার নোয়াপাড়া শেখপাড়ায় সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে আশপাশের এলাকার শত শত মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব বদরী। মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষ হওয়ার পরপরই নোয়াপাড়া শেখপাড়াসহ উপজেলার সর্বত্র পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর নামে পশু কোরবানি দিচ্ছেন।
ইদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানি-পরবর্তী পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ও রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখা এবং কোরবানি শেষে ব্লিচিং পাউডার ও পানি দিয়ে চারপাশ পরিষ্কার করার জন্য নোয়াপাড়া শেখপাড়াসহ পুরো রাউজানবাসীকে সচেতন করা হচ্ছে। মূলত, “পবিত্রতা ও ত্যাগের এই ইদে পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব” এই মূল মন্ত্রকে সামনে রেখেই এবার রাউজানে দ্রুত ও পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হচ্ছে।

