
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতা প্রচারণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে নগরীর জিইসি মোড়ে অনুষ্ঠিত প্রধান কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরীর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এ্যাড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম জেলা সভাপতি নাছির বাঙ্গালী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক এম কামাল উদ্দিন।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল করিম মিল্টন। কর্মসূচির উদ্বোধন করেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সংগীতশিল্পী মাসুদ রানা।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক কালিম শেখ, সাথি কামাল, সহ-সভাপতি মুজিবুর রহমান, আমেনা বেগম এবং মাজাহারুল ইসলাম শিহাবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পাহাড় ধ্বংস, বন উজাড় এবং পরিবেশ দূষণের কারণে বাংলাদেশ আজ বহুমাত্রিক সংকটের মুখোমুখি। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
প্রধান আলোচক এম কামাল উদ্দিন বলেন, “পরিবেশ রক্ষার আন্দোলন কেবল একটি দিবসকেন্দ্রিক কর্মসূচি নয়; এটি আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। প্রতিটি নাগরিক যদি অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেন, তবে একটি সবুজ, বাসযোগ্য ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে নগরজীবনে সবুজায়ন বৃদ্ধি, খাল-নদী ও জলাশয় রক্ষা, পাহাড় কাটা বন্ধ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

