নিজস্ব প্রতিবেদক॥
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়ার আবু তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম স্থানীয় বাসিন্দা মো. পারভেজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের অগোচরে খেলতে খেলতে শিশুটি ঘর থেকে বেরিয়ে যায়। পরে বাড়ির পাশের জেকেরিয়া চৌধুরী ঘাটা সংলগ্ন কয়েক দিনের টানা বৃষ্টিতে জমে থাকা গভীর পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে জমে থাকা পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দারা জানান, খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও হৃদয়বিদারক বিষয় হলো, এটি একই পরিবারের কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় শিশু মৃত্যুর ঘটনা। এর আগে মোস্তাকিমের চাচাতো ভাই পাঁচ বছর বয়সী মোহাম্মদ মিনহাজ ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। পরপর দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।