
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি, অনিয়মের অভিযোগে খামারিদের বিক্ষোভ এবং মানববন্ধনের মুখে পুলিশ পাহারায় কর্মস্থল ত্যাগ করেছেন রাউজান উপজেলার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জয়িতা বসু। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
একদিকে কার্যালয়ের ভেতরে বিদায়ী কর্মকর্তার সংবর্ধনা অনুষ্ঠান চলছিল, অন্যদিকে একই সময়ে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় খামারিরা। মানববন্ধনে বক্তব্য দেন খামারি মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আলমগীর, রত্না মুহুরী ও মোহাম্মদ আলী আকবরসহ অনেকে।
বিক্ষোভকালে খামারিরা অভিযোগ করেন, যোগদানের পর থেকেই ড. জয়িতা বসু বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। এমনকি বদলি আদেশ পাওয়ার পর তিনি অফিস কক্ষের এসি খুলে নিয়ে গেছেন এবং সরকারি আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন। বক্তারা এসব দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান। চত্বরে একপর্যায়ে এক যুবককে আজানের পর জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিদায়ী কর্মকর্তা কার্যালয়ে ঝামেলার আশঙ্কায় পুলিশের সহায়তা চেয়েছিলেন। পরে পুলিশ পাঠিয়া তাঁকে নিরাপদে রাউজান ছাড়ার ব্যবস্থা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম জানান, ড. জয়িতা বসুর বদলি নিয়মমাফিকভাবেই হয়েছে, তবে কিছু খামারি তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ড. জয়িতা বসুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, অবৈধ সুবিধা না পেয়ে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে এসব চক্রান্ত করছে।

