প্রেস বিজ্ঞপ্তিঃ চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী কর্তৃক মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত হুমকি, হামলা ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি প্রদর্শনের এমন অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা শুধু ওই সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয় এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকারের ওপরও আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।
মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের ওপর হুমকি-হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়