
রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাত (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাউজান সদর ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত রাউজান সদর ইউনিয়নের কাজী পাড়া গ্রামের সিএনজি চালক মো. জাকিরের একমাত্র ছেলে। তিনি নির্মাণাধীন একটি ঘরে ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের প্রধান সংযোগ বন্ধ না করে অসাবধানতাবশত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান রাহাত। উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর তারা পেয়েছেন; পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

