নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। গ্রেপ্তার রিমন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার (রমজান আলী ড্রাইভারের বাড়ি) মৃত রাশেদুল ইসলাম ও মৃত রুবি আক্তারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. জান্নাতুন নাঈম রাজনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যাপারী পাড়ার জনৈক আবুল কালামের বাড়ির সামনের পাকা সড়ক সংলগ্ন ঝোপের পাশ থেকে রিমনকে আটক করা হয়। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুইটি কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আগে থেকেই কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগে একটি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৩) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।