॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥
চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির দুই সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাংসদ হুমাম কাদের চৌধুরী। সম্পর্কে আপন চাচা-ভাতিজা এই দুই নেতার বিদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
দলীয় ও পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর (রোববার) বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শেষ হওয়ার পর তাঁরা পৃথক উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এর মধ্যে পরদিন ২৩ নভেম্বর (সোমবার) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাংসদ হুমাম কাদের চৌধুরী। অন্যদিকে, ২৪ নভেম্বর (মঙ্গলবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (রুটিন চেকআপ) অংশ হিসেবে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
সামাজিক মাধ্যমে অপপ্রচার ও দলীয় প্রতিক্রিয়া
এই দুই নেতার বিদেশ যাত্রাকে ঘিরে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুরু হয়। এসব পোস্টে দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার খবরে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দেশ ত্যাগ করেছেন। ভারতের সংবাদমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’-তেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীসহ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে।
এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহাজান সাহিল ও সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই সিঙ্গাপুরে গেছেন, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তাঁর নেতৃত্বে রাউজান বিএনপি অতীতের মতোই ঐক্যবদ্ধ রয়েছে।’ একই সুরে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ তালুকদারও।
চৌধুরী পরিবারের এক সদস্য জানান, বিগত ১৭ বছরে তাঁদের পরিবারের রাজনৈতিক ত্যাগের বিষয়টি দেশবাসীর জানা। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এবং হুমাম কাদের চৌধুরী রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। তাঁদের সফর নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য সম্পর্কে জনগণ সচেতন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সূত্রগুলো মনে করছে, সারা দেশে দলের নেতা-কর্মীদের মনোবল দুর্বল করতে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব গুজবে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতা-কর্মীরা আরও বেশি ঐক্যবদ্ধ ও সুসংহত থাকবেন বলে জানিয়েছে হাইকমান্ড।